চাঁদপুর, অক্টোবর ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারের চেষ্টাকালে চাঁদপুরে এক হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) ও জেলা মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে জালগুলো আটক করে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আশ্বিনী পূর্ণিমার দিন এবং আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা গুণতে হবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, শুক্রবার কিছু জেলে মেঘনায় মাছ শিকারের চেষ্টাকালে ১ হাজার মিটার জাল আটক করা হয়। তবে দু'দিনে মেঘনা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৎস্য কর্মকর্তা জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন নিষিদ্ধ সময়ে মেঘনায় যাতে কেউ মাছ শিকার করতে না পারে সেজন্য তৎপর রয়েছে।
দেশে ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে আয় বাড়াতে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/২১৪৭ ঘ.
bdnews24