মাগুরা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলার একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাংচুর করেছে হিন্দু সম্প্রদায়ের তিনটি ঘর ও একটি দোকান।
শুক্রবার সকালে অগ্নিসংযোগ ও ভাংচুরের এ ঘটনা ঘটে বলে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। তারা বলছে, গত সোমবার পূজার সময় মণ্ডপ এলাকায় তর্কাতর্কির একটি ঘটনার জের ধরে এ হামলা হয়।
আগুন লাগানো হয়েছে পাঁচুড়িয়া সার্বজনীন ত্রিমোহনি দুর্গা মন্দিরে। আর ভাংচুর হয়েছে পাঁচুড়িয়ার প্রশান্ত বিশ্বাস, বাসুদেব বিশ্বাস ও মৃগম বিশ্বাসের ঘর এবং বিষ্ণুপদ সিংহের মুদি দোকান।
ত্রিমোহনি দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার সপ্তমী পূজার রাতে মণ্ডপ এলাকায় মটর সাইকেলে ধাক্কা লাগার ঘটনা নিয়ে ফলসিয়া উত্তরপাড়া ও চরপাড়া গ্রামের দুই দল যুবকের মধ্যে মারামারি হয়।
পূজা কমিটির সভাপতি দীনেশ বিশ্বাস তখন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলে চৌবাড়িয়া গ্রামের কয়েকজন যুবক চরপাড়া গ্রামের পক্ষ নিয়ে দিনেশ বিশ্বাসকে গালাগালি করে এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায় বলে জানান নৃপেন।
তিনি বলেন, বিষয়টি মীমাংসার জন্যে মহম্মদপুর উপজেলা পূজা কমিটি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম আজম সাবুর শরণাপন্ন হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
"তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর মাস্টার উদ্যোগী হয়ে আজ (শুক্রবার) সকালে চরপাড়া গ্রামে মীমাংসা বৈঠক বসান। বৈঠক চলাকালে সকাল ১১টার দিকে চৌবাড়িয়ার আয়ুব আলী শিকদারের নেতৃত্বে একটি গ্র"প পাঁচুড়িয়া গ্রামে ঢুকে প্রথমে মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাংচুর চালায়," বলেন নৃপেন।
হামলার খবর শুনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দোজা সাংবাদিকদের বলেন, "এ ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, আগুন লাগানোর পরপরই তা নিভিয়ে ফেলা হয়। মন্দিরে থাকা কিছু কাপড় আগুনে পুড়েছে। ভাংচুরের বিষয়টিও খুবই 'সামান্য'।
"তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করা হবে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24