২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৪৮

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়। ৪৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

সাভার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়। ৪৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে আশুলিয়ার জিরাব এলাকার আইরিশ ফ্যাশনস লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক সকাল ৯টার দিকে কর্মবিরতির ডাক দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা চালায়। এতে শ্রমিকরা পুলিশের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বেলা ১২টার দিকে শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। শ্রমিকরা এ সময় কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের ১২ দফা দাবি তুলে ধরে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবি না মেনে তাদের কাজে যোগ দিতে বলে। ব্যর্থ সভার পর এ নিয়ে শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে পুলিশ লাঠি নিয়ে শ্রমিকদের উপর চড়াও হয় বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। তখন শ্রমিকরা কারখানা ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কারখানায় ভাংচুর চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে কারখানার আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করা হয়। এ সময় কিছু শ্রমিক আহত হতে পারে।" তিনি জানান, শ্রমিকদের হামলায় রাশেদুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় ৪৮ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। আইরিশ ফ্যাশনস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন আগামী রোববার দেওয়া হবে জানিয়ে দুই দিন আগেই কারখানায় নোটিশ টাঙানো হয়েছে। তারপরও শ্রমিকরা কেন এ ধরনের ঘটনা ঘটালো- তা বুঝতে পারছি না।" তিনি জানান, শ্রমিকরা কারখানার জানালা ও দরজার কাচ, অফিস কক্ষ, কম্পিউটার এবং আসবাবপত্র ভাংচুর করে। তছনছ করে শিপমেন্টের জন্য প্যাকেটজাত পোশাকও। ভাংচুর ও হামলায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে আমজাদ হোসেন বলেন, এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় মামলা করবেন। মুন্না, সুমন, ফয়সাল, কামাল, নাসিমা, বিপ্লবসহ কারখানার শ্রমিকরা জানান, তাদের প্রতিমাসের বেতন ১-৪ তারিখের মধ্যে পরিশোধ করে কর্তৃপক্ষ। কিন্তু গত মাসের বেতন তারা এখনো পাননি। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে। শ্রমিকদের আন্দোলনে পুলিশই হামলা চালিয়েছে অভিযোগ করে দায়ীদের বিচার দাবি করেন তারা। অবশ্য আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানা পুলিশের কেউ শ্রমিকদের ওপর হামলা চালায়নি।" তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৫৭ ঘ.