২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি আমাদের প্রেরণা জুগিয়েছেন: প্রধানমন্ত্রী

অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ডিজিটাল প্রবর্তনে তিনি (স্টিভ) আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার কীর্তির জন্য বিশ্ববাসী তাকে চিরকাল স্মরণ করবে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এই শোক জানান। ৫৬ বছর বয়সে বুধবার ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় স্টিভ জবস মারা যান। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন তথ্য প্রযুক্তির এ দিকপাল। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বকে বর্তমান সভ্যতার উপযোগী করে তুলতে তিনি (জবস) তার সৃষ্টির মধ্য দিয়ে চির জাগরুক হয়ে থাকবেন। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলতে এবং মানুষের জীবন ও জীবিকার মানোন্নয়নে তার অবদান সবাই স্মরণ করবে।" প্রধানমন্ত্রী বলেন, অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ তার মেধা, মনন ও প্রতিভার এক বিস্ময়কর জগত আমাদের উপহার দিতে সমর্থ হয়েছেন। বিশ্বপ্রতিভার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসইউএম/এমআই/২০৫৮ ঘ.