২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু

রাজধানীর আগারগাঁও ও বাড্ডায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও ও বাড্ডায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। পশ্চিম আগারগাঁও বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. জসিম (১০) নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়। বাড্ডায় প্রাইভেট কারের ধাক্কায় মারা যায় মো. ইয়াছিন (২০) নামে এক তরুণ। জসিমের বাবা রিকশা চালক মো. খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, পশ্চিম আগারগাঁওয়ে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিলো জসিম। রিকশা থেকে নেমে জসিম ও তার মা রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি জসিমকে ধাক্কা দেয়। দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো। এদিকে দুপুর আড়াইটার দিকে বাড্ডার বারিধারা জে ব্লকে প্রাইভেট কারের ধাক্কায় ইয়াছিন মারা যায়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক শাহাদাত হোসেনও আহত হয়েছেন বলে জানান বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই সময় ইয়াছিন বাই সাইকেল চালিয়ে যাচ্ছিলো। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিফপুর গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৫ ঘ.