ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে পুনরায় কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এ বছরের মতো শেষ হলো বাঙালি হিন্দুদের সবচে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব।
রাজধানীসহ সারাদেশে বৃহস্পতিবার সকালে বিজয়া দশমীর বিহিত পূজা শেষ করে দর্পন বিসর্জন দেওয়া হয়। বিকালে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে নিয়ে আসা হয় বুড়িগঙ্গার তীরে।
মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দেব নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫টার পর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার বীণাস্মৃতি স্নানঘাটে শুরু হয় বিসর্জন।
ধূপগন্ধে মুখরিত নদীর ঘাটে ঢাকের বাদ্য আর আবীর মেখে আরতি মাঝে প্রথম বিসর্জন দেওয়া হয় সূত্রাপুরের ভোলাগীরি পূজা মণ্ডপের প্রতিমা। এর পর একের পর এক প্রতিমা বিসর্জন চলে।
বাবুল দেব নাথ জানান, ঢাকা মহানগরের ১৯৯টি মণ্ডপের প্রতিমার মধ্যে ১৩০টি বিসর্জন হয় বীণাস্মৃতি স্নানঘাটেই। বাকিগুলো বিসর্জন দেওয়া হয় পোস্তগোলা শ্মশানঘাট ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়। এছাড়া উত্তরার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয় তুরাগ নদীতে।
ঢাকা রামকৃষ্ণ মিশন মঠের পুরোহিত অমল মহারাজ বলেন, "মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মুলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।"
হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন গজে (হাতি), গেলেন দোলায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী হাতিতে এলে সুখ-সমৃদ্ধি বয়ে আনেন। তবে দোলায় যাওয়া প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয়।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন বলেন, "শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিমা এবং পূজারিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও নিয়োজিত ছিলেন।"
দশভূজা দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে গত রোববার পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু হয়। এ বছর সারাদেশে প্রায় ৩ হাজার মণ্ডপে পূজা হয়েছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা ছিলো প্রায় ২০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/জেকে/১৮৩২ ঘ.
bdnews24