ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দশমীর এই দিনে মর্ত্য ছেড়ে পুনরায় কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এখন তাই চলছে দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি।
রাজধানীসহ সারাদেশে বৃহস্পতিবার সকালে বিজয়া দশমীর বিহিত পূজা শেষ করে দর্পণ বিসর্জন দেওয়া হয়। বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে।
ধানমণ্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় মায়ের দর্পন পূজা সম্পন্ন হয়েছে। এরপর বিকাল ৪টায় শোভাযাত্রার মাধ্যমে বুড়িগঙ্গায় মাকে বিসর্জন দেবো।
ঢাকা রামকৃষ্ণ মিশন মঠের পুরোহিত অমল মহারাজ বলেন, "মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মুলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।"
হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন গজে (হাতি), যাবেন দোলায়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী হাতিতে এলে সুখ-সমৃদ্ধি বয়ে আনেন। তবে দোলায় যাওয়া প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয়।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব চলছে গত রোববার থেকে। দশভূজা দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শুরু হয়।
এ বছর সারাদেশে প্রায় ৩ হাজার মণ্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে মণ্ডপ রয়েছে প্রায় ২০০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24