২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার অনুষ্ঠানে সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক গানের অনুষ্ঠানে সংঘর্ষে এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক গানের অনুষ্ঠানে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। বুধবার রাতে সৈয়দপুর আব্দুল রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে পূজামণ্ডপের পাশে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহত রায়হানুল ইসলাম (১৬) পেশায় রাজমিস্ত্রি। তিনি কুচিয়ামোড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। সৈয়দপুর কৃষ্ণকলি পূজা উদযাপন কমিটি অন্য বছরের মতো এবারও গানের অনুষ্ঠান আয়োজন করে। রায়হানরা কয়েক বন্ধু মিলে গান শুনতে গিয়েছিলেন। সংঘর্ষে তার চার বন্ধু আহত হয়েছে। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, পূজামণ্ডপের একটু দূরে রাস্তার পাশে হামলায় রায়হান নিহত হয়। তবে গানের অনুষ্ঠানে দুই পক্ষের ঝগড়ার জের ধরেই ঘটনাটি ঘটেছে। রায়হানের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। সংঘর্ষের সূত্রপাতের বিষয়ে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান চলার সময় রাত ১১টার দিকে পেছন থেকে কারা যেন পানি ছুড়ে মারে। এই নিয়ে রায়হানের সঙ্গে রজ্জব (২০) নামে স্থানীয় এক তরুণের ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে রায়হান ও তার বন্ধুদের ওপর হামলা হয়েছে বলে ইমতিয়াজের ধারণা। রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহতরা হলেন- সজিব (১৮), শাকিন (১৭), জনি (২০) ও বায়েজিদ (১৯)। বাইরে সংঘর্ষ হলেও পূজা অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলছে বলে স্থানীয়রা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.