গাইবান্ধা, ০৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে গত তিন দিনে প্রায় তিনশ' ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।
তিস্তার বামতীর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার কাশিমবাজার-উলিপুর সংযোগ সড়কটি হুমকির মুখে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ভাঙনে গত তিনদিনে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর, লখিয়ার পাড়া, চরমাদারী পাড়া, চরচরিতাবাড়ী গ্রামের প্রায় তিনশ' বসতবাড়ি এবং আবাদী জমি নদীগর্ভে চলে গেছে।
ঘরবাড়িহারা মানুষ মানবেতর জীবন-যাপন করছেন জানিয়ে তিনি বলেন, "তাদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য এখনও কোনো সরকারি-বেসরকারি সাহায্য পাওয়া যায়নি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৩ ঘ.
bdnews24