ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামচন্দ্রপুর খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পর সেসব স্থানে পুনরায় দখল ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ট্যানারিসহ শিল্প এলাকাগুলোতে নদী দূষণ রোধে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালিয়ে যেতে বলা হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত 'নদ-নদীর নাব্যতা এবং স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষায় পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়ন' সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
টাস্কফোর্স সভাপতি ও নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন।
সভায় 'ডায়িং' ও 'ট্যানারি শিল্প প্রতিষ্ঠান'-এর মাধ্যমে নদী দূষণের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও ঢাকার পোস্তগোলা ও শ্যামপুরের শিল্প বর্জ্য সরাসরি নদীতে ফেলার বদলে রিসাইক্লিনের (পরিশোধন) জন্য পাগলায় ওয়াসার জায়গা বরাদ্দ নিয়ে ইটিপি স্থাপনের ব্যাপারেও আলোচনা হয়।
সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ট্যানারিসহ শিল্প এলাকায় ১৫০ শিল্প প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে ১০ কোটি টাকা আদায় হয়েছে।
নদীদূষণ রোধ এবং ইটিপি ব্যবহার নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
সভায় নারায়ণগঞ্জে 'হরিপুর ৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র' স্থাপনের ভারি মালামাল ওঠানামার সুবিধার জন্য শীতলক্ষা নদীতীরে পাকা জেটি নির্মাণের বিষয়ে আলোচনা হয়।
সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সানজিদা খানম ও জাহিদ আহসান রাসেল, অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এবং নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ বিভিন্ন সংস্থার প্রধান, পরিবেশবিদ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২২০২ ঘ.
bdnews24