ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারিবাগে স্বামী পূজায় যেতে রাজি না হওয়ায় অভিমান করে স্ত্রী 'আত্মহত্যা' করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কৃষ্ণ রানী রায় (২২) নামে ওই গৃহবধূর স্বামী মেঘনাথ রায়কে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেঘনাথ সাংবাদিকদের জানান, দুপুরে পূজায় নিয়ে যাওয়ার জন্য বললেও তিনি যেতে রাজি না হওয়ায় অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে রানী আত্মহত্যার চেষ্টা করে।
"পরে ঘরের দরজা ভেঙে রানীকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিলো বলে জানান মেঘনাথ।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের স্বামীকে আটক করে থানায় বিষয়টি জানানো হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি দিনাজপুরে।
এদিকে কামরাঙ্গির চর থানা পুলিশ বুড়িগঙ্গা নদীর মুসলিবাগ থেকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে অভি (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, কিশোরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে বরে তার ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫৮ ঘ.
bdnews24