ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়লেও কৃষি ক্ষেত্রে এর 'তেমন কোনো' প্রভাব পড়বে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার সকালে হোটেল রুপসী বাংলায় এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেলের দাম যেটুকু বেড়েছে এটুকুর জন্য উৎপাদনের উপর খুব একটা প্রভাব পড়বে না বলে আমি মনে করি।"
অবশ্য ইউরিয়া সারের দাম বাড়ায় কৃষকদের কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে রাজ্জাক বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 'অস্বাভাবিক' বাড়ার কারণে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।"
আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) ছিলো এ কর্মশালার আয়োজক।
মন্ত্রী খাদ্য সাহায্যের ক্ষেত্রে বিশ্বের ধনী দেশগুলোকে তাদের কৌশল পরিবর্তন করতে হবে- এমন মন্তব্য করে বলেন, "যাদের সারপ্লাস আছে তার যেন গরিব দেশগুলোকে খাবারটা সাহায্য হিসাবে দেয় সে ব্যবস্থা করতে হবে।"
বিকল্প জ্বালানি হিসাবে বায়োফুয়েলের ব্যবহার খাদ্য সংকটকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করেন রাজ্জাক। এ ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা তৈরির জন্য বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান।
কর্মশালায় জানানো হয়, নির্ভরশীল তথ্যের উপর ভিত্তি করে সরকারকে কার্যকর নীতি প্রণয়ণে সহায়তা দেওয়ার জন্য আইএফপিআরআই-ইউএসএইড এর সহায়তায় বাংলাদেশে ১২ মিলিয়ন ডলারের ৫ বছরব্যাপী একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সেরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর নির্বাহী পরিচালক ড. মাহাবুব হোসেন বলেন, "জনসংখ্যা, মাথাপিছু খাদ্য গ্রহণের তথ্য কিংবা আমাদের উৎপাদনের তথ্য দিয়ে খাদ্যের দাম কীভাবে বাড়ছে তা মিলাতে পারি না। কার্যকর নীতি গ্রহণের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে কীভাবে সরকারকে সাহায্য করা যাবে সেটি তাদের (আইএফপিআরআই) জন্য একটি চ্যালেঞ্জ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮২৮ ঘ.
bdnews24