ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাষ্টমী হলো দুর্গোৎসবের সেই মুহূর্ত, যখন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধকাণ্ড চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই তীথিতেই শুদ্ধাত্মা দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী কন্যাকে মাতৃরূপে অঞ্জলী দেয় সনাতন ধর্মাবলম্বীরা, যার নাম কুমারী পূজা।
মঙ্গলবার ঢাকাসহ সারাদেশের রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোতে আরতি, অঞ্জলী দান ও প্রসাদ নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। ৫ দিনের দূর্গোৎসবে সাধারণত রামকৃষ্ণ মিশনগুলোই এ পূজার আয়োজন করে।
ঢাকা রামকৃষ্ণ মিশনের পুরোহিত অমল মহারাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব নারীর মধ্যে মাতৃরূপ উপলব্ধি করতে এই পূজার আয়োজন। সাধারণত ১৬ বছরের কম বয়সী কন্যা শিশুদের মধ্যে থেকে দেবীত্বের লক্ষণ বিচার করে কুমারী নির্বাচন করা হয়।"
প্রতিবছরের মতো এবারো সকাল ১১টায় পূজা শুরু হয়। এর আগে কুমারীকে øান করিয়ে নতুন পোশাক, ফুলের মালা এবং অলঙ্কারে তাকে সাজানো হয় দেবীরূপে।
কুমারী দেবীকে মণ্ডপে আনার পর মিশনের মঠ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পূজা শেষে মহাপ্রসাদ বিতরণের সময় দেখা যায় পূণ্যার্থীদের দীর্ঘ সারি।
সকালে কুমারী পূজা শুরুর আগে অনুষ্ঠিত হয় মহা অষ্টমীর বিহিত পূজা। রাতে হবে সন্ধি পূজা।
এই সন্ধি পূজা হলো দেবী দুর্গার কাছে অসুর বাহিনীর আত্মসমর্পণের চূড়ান্ত অধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৭২৬ ঘ.
bdnews24