মেহেরপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে ছয়টি তাজা হাতবোমা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার বাগোয়ান গ্রাম থেকে এসব বোমা ও অস্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাত মোল্লা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাগোয়ান গ্রামের পরিত্যক্ত একটি দোকান থেকে তাজা এসব বোমা ও অস্ত্র উদ্ধার করে।
এসময় সেখানে কয়েকজন চরমপন্থী সদস্য বৈঠক করছিলো। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
র্যাব জানায়, জর্দ্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো শক্তিশালী। অপরদিকে উদ্ধারকৃত দুটি এলজি শাটার গানে রাইফেলের গুলি ব্যবহার করা যায়।
বোমা ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবুল হাসনাত।
মুজিবনগর থানার ওসি জিয়া উদ্দিন সাংবাদিকদের জানান, বোমাগুলো নিস্ক্রিয় করতে পানি ভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৩ ঘ.
bdnews24