যশোর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ওহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক মারা গেছে।
মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলার বাহাদুরপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওহিদুল শহরের উপশহর এলাকার এস ব্ল¬কের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে গ্রিল কাটার শব্দ শুনে বাহাদুরপুরের সেলিম হোসেনের বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ওহিদুলকে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে।
গণপিটুনিতে ওহিদুল ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, গণপিটুনির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
"এলাকার লোকজনের উচিত ছিলো ওহিদুলকে পুলিশের হাতে তুলে দেওয়া। গণপিটুনি দিয়ে মেরে ফেলার অধিকার কারো নেই." বলেন তিনি।
এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৫২ ঘ.
bdnews24