২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমছে, আরো কমবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ঈদুল আজহায় ভোজ্য তেল ও চিনিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আজহায় ভোজ্য তেল ও চিনিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "দ্রব্যমূল্য নিয়ে সব দেশেই কিছুটা সমস্যা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কিছুটা কমেছে। যার প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে। চিনির দাম এর মধ্যেই কমেছে, ভবিষ্যতে আরো কমবে।" ঈদকে সামনে রেখে সরকার নিবিড়ভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, "দেশের বর্তমানে চিনি ও ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঈদকে সামনে রেখে আরো কাঁচামাল আমদানি করা হচ্ছে। যা ঈদের আগেই পরিশোধন করে বাজারে আসবে।" "ফলে ঈদের আগে ভোজ্য তেল ও চিনির মূল্য নিয়ন্ত্রণেই থাকবে।" এ প্রসঙ্গে তিনি গত ঈদের আগে চিনির বাজার দর অস্থিতিশীল হয়ে ওঠা এবং টিসিবি'র মাধ্যমে বাজারে চিনি বিক্রির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "সরকার সার্বিক পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।" "এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দলের মাধ্যমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদারকি ও অভিযানের কারণে বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" জার্মানি সফর বিষয় ফারুক খান গত ২৫ সেপ্টেম্বর থেকে আটদিন জার্মানি সফর শেষে ৩ অক্টোবর দেশে ফেরেন। এ সময় তিনি ওই দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রীসহ (ভাইস চ্যান্সেলর) কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশ জার্মানিতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশটিতে প্রতি বছর ৪০ বিলিয়ন ডলারের গার্মেন্ট পণ্য আমদানি করা হয়। বাংলাদেশ সেখানে তাদের আমদানির মাত্র তিন শতাংশ গার্মেন্ট পণ্য রপ্তানি করে। এটা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। এজন্য তাদের দেশের সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি।" "পণ্যের গুণগত মান এবং সেবাসহ নির্দিষ্ট সময়ে সরবরাহের কারণে তারাও বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে চায়," বলেন মন্ত্রী। "তারা এ দেশে গার্মেন্ট, চামড়া এবং পাটজাত পণ্যের বিভিন্ন খাতে বিনিয়োগও বাড়াতে চায়। তবে এজন্য তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা চেয়েছেন।" বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তাদের জানিয়েছেন ফারুক খান। তিনি বলেন, "দেশে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ ও জার্মানের মৈত্রীর স্বীকৃতি হিসেবে উত্তরা থেকে আশুলিয়া এবং দেশের অন্তত একটি মহাসড়ক তাদের অর্থায়নে করার জন্যও তাদের প্রস্তাব দেওয়া হয়েছে।" গত ২০১০-১১ অর্থবছরে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হয়েছে প্রায় চার দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করেছে। বাকি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। ফারুক খান বলেন, "বাংলাদেশের সঙ্গে জার্মানির মূল বাণিজ্য জাহাজ সরবরাহ। বিশ্বের বড় দেশগুলো বর্তমানে বড় বড় জাহাজ তৈরি করে। বাংলাদেশ মূলত তিন হাজার থেকে ১০ হাজার টন ক্ষমতার জাহাজ বানাচ্ছে যা জার্মানির প্রয়োজন।" দেশটিতে বর্তমানে ৩০টি জাহাজ রপ্তানির প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে ছয়টি ইতোমধ্যে তাদের সরবরাহ করা হয়েছে। চারটি জাহাজ আগামী ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে। বাকি ২০টি জাহাজও দেওয়া হবে অল্প সময়ের মধ্যেই। বিনিয়োগ আসছে ২০০ মিলিয়ন ডলারের জার্মানির শিল্প প্রতিষ্ঠান মাল্টিলাইন গ্র"প বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গার্মেন্ট ও চামড়াজাত পণ্যে তারা এ বিনিয়োগ করবে। তবে এজন্য তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা চেয়েছেন। ফারুক খান বলেন, "বিদ্যুৎ ও গ্যাসের সার্বিক অবস্থা তুলে ধরে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।" এছাড়াও দেশের তথ্য প্রযুক্তি (আইটি), ওষুধ শিল্প এবং গার্মেন্ট কর্মীদের আবাসন ও কল্যাণ খাতে বিনিয়োগ করারও আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/পিডি/২১২৫ ঘ.