২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাড. সায়মা হত্যামামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড

অ্যাডভোকেট সায়মা খানম হত্যামামলার রায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট সায়মা খানম হত্যামামলার রায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ মঙ্গলবার এ মামলায় রায় দেন। রায় শুনে কাঠগড়ায় দাঁড়ানো আসামি ফায়জুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে থাকে আদালতে উপস্থিত ফায়জুলের মা এবং বোনরাও। ২০০৭ সালের ১৭ জুলাই সায়মাকে তার এলিফ্যান্ট রোডের বাড়িতে হত্যা করা হয়। পূব পরিচিত ফায়জুল টাকা চেয়ে তা না পেয়ে সায়মাকে হত্যা করে বলে আদালতে প্রমাণিত হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে সায়মার স্বামী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি শিগগিরই এ রায় কার্যকর দেখতে চান। স্ত্রী হত্যাকাণ্ডের পর জহিরুল সেদিনই নিউমার্কেট থানায় কোনো আসামির নাম উল্লেখ না করে মামলা করেন। পরে তদন্তে ফায়জুলের জড়িত থাকার প্রমাণ পেলে তাকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। সায়মার মোবাইল ফোনের কল লিস্ট ধরে ফায়জুলকে ধরা হয় বলে পুলিশ জানায়। পরে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের সময় জহিরুল বাসায় ছিলেন না। ফায়জুল বাসায় ঢুকে গলা কেটে সায়মাকে হত্যা করে পালিয়ে যান। হত্যাকাণ্ডের সময় এক গৃহকর্মী বাসায় ছিলেন। এছাড়া সায়মার ৯ বছরের মেয়ে আয়মান খানম তোফা বাসায় ঘুমিয়ে ছিলো। গৃহকর্মীই প্রথম লাশ দেখেন। সায়মার স্বামীর সঙ্গে ফায়জুল ও তার বাবার পূর্ব পরিচয় ছিলো। সায়মার স্বামী ফায়জুলের বাবা ও ফায়জুলকে চাকরি দিয়েছিলেন। মামলার বিবরণে দেখা যায়, রাজধানীর শাজাহানপুরের কয়েকজনের কাছ থেকে ফায়জুল চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়। তবে চাকরি না পেয়ে তারা টাকা ফেরত চায়। তখন ফায়জুল সায়মার কাছে কিছু টাকা চায়। ওই টাকা না দেওয়ায় হত্যা করা হয় সায়মাকে। এই মামলায় ২০০৮ সালের ২ মার্চ অন্য একটি আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মূল বিচারকের অভাব এবং আসামি পক্ষ থেকে বার বার সময় চাওয়ার কারণে এ হত্যামামলার বিচার বার বার পিছিয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সামছুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামি পক্ষের বিভিন্ন মিথ্যা অজুহাতে সময় নেওয়াসহ অন্যান্য কারণে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৮টি তারিখ ধার্য হয় যুক্তিতর্কের জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৫৮ ঘ.