২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার 'যুদ্ধাপরাধ' অভিযোগ উত্থাপন আগামী মাসে

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপনে এক মাস সময় চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 05:11 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপনে এক মাস সময় চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। ট্রাইবুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আগামী ১৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের দিন ঠিক করেছে আদালত।" মঙ্গলবার ট্রাইবুনালকে এ প্রতিবেদন জমা দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনে এক মাস সময় নেয় ট্রাইবুনালের প্রসিকিউশন বিভাগ। জেয়াদ আল মালুম বলেন, "আমরা তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দিয়েছি। আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের জন্য এক মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল তাতে সায় দিয়ে ১৪ নভেম্বর অভিযোগ উত্থাপনের দিন ঠিক করেছেন।" একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন হয়। এর আড়াই মাস আগে তার 'যুদ্ধাপরাধ'র তদন্ত প্রতিবেদন ট্রাইবুনালে জমা হয়েছিলো। যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার তদন্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে খুন, অপহরণ, ধর্ষণ, নির্যাতনের তথ্য প্রমাণ উঠে এসেছে। তবে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর এ ছেলে তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। সালাউদ্দিন কাদেরকে নিয়ে ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সোমবার প্রসিকিউশন বিভাগকে দেয় তদন্ত সংস্থা। 'সাকা চৌধুরী' নামে পরিচিতি এই সংসদ সদস্যের বিরুদ্ধে ১১৯ পৃষ্ঠার এই মূল প্রতিবেদনের সঙ্গে আট হাজারেরও বেশি পৃষ্ঠার তথ্য উপাত্তের অনুলিপি সংযোজন করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের মধ্যে একমাত্র সাকাই এখনো কোনো আইনজীবী নিয়োগ দেননি। ট্রাইবুনালে তিনি নিজেই নিজের পক্ষে কথা বলে আসছেন। গত রোববার এক সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, তদন্তে ৩২টি সুনির্দিষ্ট ঘটনায় সালাউদ্দিন কাদেরের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। একাত্তরে সালাউদ্দিন কাদেরের 'হাতে' নিহতদের একটি তালিকাও তৈরি করেছে তদন্ত সংস্থা। সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইবুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। সাঈদী ও সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। এদের সবার 'যুদ্ধাপরাধ'রই তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/০০২৭ ঘ.