২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ক্ষমা চাওয়া উচিত: হানিফ

চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 07:43 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। সোমবার বিকালে এক সমাবেশে হানিফ বলেন, "যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে আপনি ৩০ লাখ শহীদের এবং মুক্তিযুদ্ধের অবমাননা করেছেন। এ জন্য জাতির কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।" গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর পল্টনে বিএনপি ও সমমনাদের সমাবেশে খালেদা জিয়া বলেন, সরকার যুদ্ধাপরাধীর বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। একাত্তরে মনবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি ও জামায়াত নেতাদের মুক্তিও দাবি করেন তিনি। জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আবদুল আলীম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হলেও তিনি জামিনে রয়েছেন। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এছাড়া সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। গুলশান লেকের পূর্বপাড়ে ২১ এবং ৯৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সমাবেশে হানিফ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবে বুঝতে পেরে খালেদা জিয়া হতাশায় ভুগছেন। যে কারণে ২৭ সেপ্টেম্বরের জনসভায় এলোমেলো কথা বলে নেতা-কর্মীদের সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। তার অসংলগ্ন বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে।" আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "জামায়াতে ইসলামী মূলত পাকিস্তানের দালাল। মুক্তিযুদ্ধের সময় তারা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা এখন একইভাবে সেইরকম পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।" ৯৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাাহ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন সমাবেশে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০১৩৪ ঘ.