জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজে ভর্তির ভুয়া প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি দিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানসহ ২০ জনকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার ফিরোজের মুক্তির দাবিতে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের একটি মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা একাত্মতা পোষণ করেন।
মৌন মিছিল শেষে রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, আমাদের শিক্ষককে মুক্তি না দিলে মঙ্গলবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অচল করে দেওয়া হবে। স্যারকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
সমাবেশে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করীম বলেন, আমি আমার অনুষদের সবার পক্ষ থেকে ফিরোজের মুক্তি দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার মুক্তির জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনকে বিষয়টি বিবেচনা আনতে অনুরোধ করেন। নইলে তিনি পদত্যাগ করবেন বলেন ঘোষণা দেন।
পরে ওই শিক্ষকের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০১ ঘ.
bdnews24