২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ নিয়ে মহাআয়োজন এনায়েতপুরে

তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব মহাকাশ সপ্তাহ'র মূল অনুষ্ঠান এবার সিরাজগঞ্জের এনায়েতপুরে করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব মহাকাশ সপ্তাহ'র মূল অনুষ্ঠান এবার সিরাজগঞ্জের এনায়েতপুরে করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সোমবার সকালে এক কর্মশালার মধ্যদিয়ে শুরু হয়েছে। বিদেশি দুই মহাকাশ গবেষকও অনুষ্ঠানে যোগ দেন। মহাকাশ গবেষণাকারী ৭০টি রাষ্ট্রের সংগঠন ইউনাইটেড ন্যাশন্স অফিস অব আউটার স্পেস এ্যাফেয়ারস্ (টঘঙঙঝঅ) অক্টোবরের প্রথম সপ্তাহকে বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে পালন করে থাকে। তিন দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে- শোভাযাত্রা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার, ওয়াটার রকেট নিক্ষেপ, মহাকাশ বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনী ইত্যাদি। কর্মসূচিতে জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মহাকাশ অনুসন্ধিৎসুরা অংশ নেবেন। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার বলেন, তথ্য-প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। বিশ্ব যখন মহাকাশ গবেষণায় নিরন্তর কাজ করে যাচ্ছে তখন বাঙালিকে বসে থাকলে চলবে না। তিনি জানান, বাংলাদেশে মহাকাশ গবেষণাকে উৎসাহ দিতে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে যুক্তরাজ্যের নর্থ আয়ারল্যান্ড স্পেস অফিসের পরিচালক ড. রবার্ট হিল ও ফক্স টেলিস্কোপ প্রজেক্ট ওয়েলস্-এর পরিচালক ড. সারাহ রবার্ট এসেছেন। তারা এখানে সেমিনারে বক্তব্য উপস্থাপন ছাড়াও শিশুদের ও অনুসন্ধিৎসুদের মহাকাশ বিষয়ে গল্প শোনাবেন। দিবসটি পালন উপলক্ষে এনায়েতপুরের মহাকাশ ভবন সাজানো হয়েছে বর্ণিল সাজে। দেয়ালে-দেয়ালে সাটানো হয়েছে মহাকাশ, মহাকাশ যান এবং আবিস্কারের সম্পর্কিত বিভিন্ন ছবি। এছাড়াও এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে নির্মিত হয়েছে তোরণ ও ব্যানার। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩৬ ঘ.