২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুটি ইটভাটা বন্ধের নির্দেশ

বেআইনিভাবে পাহাড় কেটে ইটভাটা তৈরির অপরাধে রাঙামাটিতে দুটি ইটভাটার কার্যক্রম তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেআইনিভাবে পাহাড় কেটে ইটভাটা তৈরির অপরাধে রাঙামাটিতে দুটি ইটভাটার কার্যক্রম তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাঙামাটি জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাদের ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এ আদেশ দেন। ইটভাটা দুটি হলো-জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আজমীর ব্রিকস লিমিটেড ও জালালিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য এলাকায় ইটভাটা নির্মাণ ও পরিচালনা বেআইনি। এই দুটি ইটভাটার কোনটিরই পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমতি নেই। এতে আরো বলা হয়, পার্বত্য অঞ্চলে ইটভাটার কারণে জীববৈচিত্র্যের ক্ষতি, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, ফসল উৎপাদন ব্যাহত, বৃক্ষরাজি ও বনাঞ্চলের ক্ষতি, পাহাড়ে ভূমি ধ্বংসসহ মারাত্মক পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হয়। অবৈধ এই ইটভাটা দুটির আয়তন প্রায় ১০ একর জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে প্রায় বিশ শতাংশ উঁচু পাহাড় ধ্বংসের প্রমাণ পাওয়া গেছে। গত ১০ বছর ধরে ইটভাটা দুটি পরিচালিত হচ্ছে এবং প্রতি ভাটায় বার্ষিক প্রায় ২৫-৩০ লক্ষ ইট উৎপাদিত হয়। এতে পার্বত্য এলাকার প্রায় ১০ লক্ষ ঘনফুট পাহাড়ি মাটি বিনষ্ট হয়েছে। এর আগে পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শন দল রোববার ওই এলাকায় অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/