নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) চেয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনকে অবশ্যই এই দুই প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে নির্বাচনের আগেই সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত সুুজন-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সুজন-এর নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক আহসানুল করিম চৌধুরী বাবুল প্রমুখ।
সংবাদ সম্মেলনেল লিখিত বক্তব্য পাঠ করেন সুজন-এর নারায়ণগঞ্জ শাখার সদস্য সচিব শরীফ উদ্দিন সবুজ।
লিখিত বক্তব্যে বলা হয়- আগামী ৩০ অক্টোবর নাসিক নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। চিহ্নিত অপরাধীরা অনেকেই এলাকায় ফিরে আসতে শুরু করেছেন এবং কেউ কেউ প্রার্থীও হয়েছেন। এতে অন্যান্য প্রার্থী ও ভোটারা আতঙ্কিত হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নাসিক নির্বাচন আইনগতভাবে নির্দলীয় নির্বাচন।
এই নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৯ ঘ.
bdnews24