২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যু দমনে সুন্দরবনে অভিযান

সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে পাঁচ দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান 'সুন্দরবন-৩' শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

বাগেরহাট, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে পাঁচ দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান 'সুন্দরবন-৩' শুরু হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে কোস্টগার্ড, নৌ-বাহিনী, বর্ডার গার্ডস অব বাংলাদেশ-বিজিবি, পুলিশ, র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব, আনসার, বনবিভাগ, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নিচ্ছে। আগামী ৭ অক্টোবর এই অভিযান শেষ হবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান। এর আগেও জুলাই মাসে দুই দফা যৌথ বাহিনী অভিযান চালায়। তবে স¤প্রতিক সময়ে দস্যুরা বেশ কয়েক দফায় সমুদ্রগামী জেলেদের ট্রলারে হামলা ও অপহরণ চালায়। ফলে এবারের অভিযানটি বেশ শক্তিশালী ও বড় বলে দাবি করেন ওই কোস্টগার্ড কর্মকর্তা। অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৬ এর সহ-অধিনায়ক লে. কমান্ডার এম. নূর-ই-আলম বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষ যৌথ অভিযানে র‌্যাবের দুটি দল অংশ নিচ্ছে। সুন্দরবন পূর্ব বিভাগের বন এলাকায় ছয়টি এবং পশ্চিম বিভাগের বন এলাকায় পাঁচটি দল অভিযানে চালাবে। এসময় যৌথ বাহিনী দস্যুদের আস্তানা চিহ্নিতকরণ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করবে। তবে এই বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন বাহিনীর কত সদস্য অংশ নিচ্ছে এ সম্পর্কে কিছু বলতে রাজি হননি ওই র‌্যাব কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, যৌথ অভিযান সফল করতে সুন্দরবনের প্রতিটি রেঞ্জ অফিস, পুলিশ স্টেশন ও ফাঁড়িকে সতর্ক রাখা হয়েছে। ছয় হাজার সতের বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে সরকারি হিসেবে প্রায় সাড়ে চারশ নদ-নদী ও বড় খাল রয়েছে। এ ছাড়া জালের মত ছড়িয়ে আছে অসংখ্য শাখা খাল। এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মৎস্যজীবী বছরের বিভিন্ন সময়ে মাছ আহরণ করে থাকে। সুন্দরবন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুন্দরবন ও বঙ্গোপসাগর জুড়ে প্রায় ছয়টি দস্যু বাহিনী রয়েছে। এদের কাছে রয়েছে প্রায় আড়াই শতাধিক দেশি-বিদেশি অস্ত্র। গত দেড় বছরে বিভিন্ন সময়ে প্রায় পনের দস্যু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। তারপরেও জেলেরা প্রতিনিয়ত দস্যুদের কবলে পড়ে সম্পদ ও জীবন হারাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৭ ঘ.