২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল সার্ভিসের আওতায় আরো ৭ জেলা

রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট এবং ঠাকুরগাঁওকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট এবং ঠাকুরগাঁওকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় আনা হয়েছে। মন্ত্রিসভায় ন্যাশনাল সার্ভিস বাস্তবায়নের নীতিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদনের ফলে এই জেলাগুলো এই কর্মসূচির আওতায় এসেছে। ইতিমধ্যে, গোপালগঞ্জ, বরগুনা ও কুড়িগ্রাম এই কর্মসূচির আওতায় আছে। সচিবালয়ে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, 'ন্যাশনাল সার্ভিস: মাধ্যমিক এবং তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব ও যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচির বাস্তবায়ন নীতিমালা' সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রংপুরের কাউনিয়া ও পীরগঞ্জ, গাইবান্ধার ফুলছড়ি, নীলফামারীর ডিমলা, দিনাজপুরের খানসামা, পঞ্জগড় সদর, লালমনিরহাটের হাতিবান্ধা এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা এই কর্মসূচির আওতায় আসবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই কর্মসূচি চালু করা হয়। এর আওতায় তিন মাসের প্রশিক্ষণ দিয়ে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এতে কাজ পাওয়ার যোগ্যতা হচ্ছে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স ২৪ বছর। এ বছরের মন্ত্রিসভার ৩১তম বৈঠকে 'সমবায় গোচারণভূমি নীতিমালা-২০১১' এর খসড়া অনুমোদন করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের' শ্রেণী পরিবর্তন এবং 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসকে' ওই পরিপত্রের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে করে প্রতি বছরের মার্চ মাসের শেষ বৃহস্পতিবার 'দুর্যোগ প্রশমন দিবস' হিসাবে পালিত হবে। মন্ত্রিসভার বৈঠকে বিচার ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ইরান সফরের বিষয়টি এবং ১ থেকে ১৭ জুন জেনেভায় অনুষ্ঠিত শততম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৪ ঘ.