২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে নাটোরে গৃহবধূকে হত্যা

যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার একটি গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

নাটোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার একটি গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের শ্বশুড় চামারি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রেজাউল করিম ও চাচা শ্বশুড় চাঁদ মোহাম্মদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সিংড়ার চামারি ইউনিয়নের গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত খাদেজাতুন কোবরা ওরফে লিমার (১৬) স্বামীর নাম শিহাব হাসান। সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে গুটিয়া গ্রামের বাসিন্দারা রেজাউল ও তার ভাই চাঁদকে পালাতে দেখে দুই জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পুত্রবধূ লিমাকে পিটিয়ে হত্যা করেছে। পরে এলাকাবাসী ঘরের বারান্দা থেকে লিমার লাশ উদ্ধার করে। এসময় লিমার স্বামী শিহাব হাসানসহ পরিবারের অন্যদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে। তিনি জানান, নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিমার বাবা লোকমান আলী বলেন, "শিহাবের সঙ্গে প্রেমের সূত্র ধরে এক বছর আগে লিমার বিয়ে হয়। শিহাবের পরিবার বিয়ে মেনে না নিলেও যৌতুক হিসাবে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তারা লিমার ওপর প্রায়ই নির্যাতন করতো।" যৌতুকের দাবিতেই লিমাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৮১৮ ঘ.