ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর এখন এর দ্রুত শেষ দেখতে চায় সাধারণ মানুষ।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর সোমবার প্রথম ব্যক্তি হিসেবে জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে পরবর্তী শুনানির তারিখ।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কথা বলা হয় সিএনজি চালক থেকে শুরু করে ছাত্র, চাকরিজীবী, মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো অনেকের সঙ্গে।
তেজগঁাঁ এলাকায় বসবাসরত চাকরীজীবী রঞ্জন দে দেরিতে হলেও বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "তারা (যুদ্ধাপরাধীরা) যে ধরনের অপরাধ করেছে তাতে বিচার অনেক আগেই হওয়া উচিত ছিলো। এতোদিন পরে হলেও বিচার প্রক্রিয়া যে এতদূর এগিয়েছে তাতে আমরা খুশি। এখন দ্রুত শেষ দেখতে চাই।"
অন্য অপরাধীদের বিচারও দ্রুত শুরুর তাগিদ দেন রঞ্জন।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন-দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।
এ ছাড়া বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে আটক থাকলেও জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।
ট্রাইব্যুনাল গঠনের পর সাঈদীই হচ্ছেন প্রথম ব্যক্তি- যার 'যুদ্ধাপরাধ'র বিচার শুরু হতে যাচ্ছে।
মিরপুর বাংলা কলেজের ছাত্র রাজু যুদ্ধাপরাধের বিচারকে 'নতুন প্রজন্মের দাবি' উল্লেখ করে বলেন, "আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি তার কাছে শুনেছি একাত্তরে সাঈদী, গোলাম আযমদের নৃশংসতার গল্প। তাই এই বিচার আমাদের নতুন প্রজন্মের দাবি।"
তবে মোহাম্মপুর এলাকার সিএনজি চালক আকুব্বর আলী শেখের মতে প্রমাণিত অপরাধের বিষয়কে এতোদিন ঝুলিয়া রাখা মানে 'সময় নষ্ট'।
তিনি বলেন, "এতো কিছু বুঝি না, এতো টানাটানি কইরা সময় নষ্ট করার মানে নাই। ডাইরেক্ট ফাঁসি চাই।"
সরাসরি ফাঁসির দাবি ওঠলেও 'ব্যক্তিগত' কিংবা 'রাজনৈতিক পক্ষপাতদুষ্ট' বিচার যেন না হয় সেদিকে নজর রাখার পক্ষেও বললেন কেউ কেউ।
বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা শাহনেওয়াজ খান বিডিনিউজকে বলেন, "আমরা সুবিচার চাই। বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থ উদ্ধার কিংবা ব্যক্তিগত আক্রোশ মেটানোর হাতিয়ার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।"
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭৪৪ ঘ.
bdnews24