২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসপ্তমীর মহাসমারোহ

রাজধানীতে মহাসমারোহে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মহাসমারোহে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সোমবার সকাল ৮টা ৫৮ মিনিটে দেবী স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদানের মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা। রাজধানীর বিভিন্ন মণ্ডপে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধুপ দিয়ে পূজা করেন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী বলেন, মহাবিশ্বের সব প্রাণীর শান্তি ও কল্যাণ কামনা করে ভক্তরা মায়ের শ্রীচরণে পুস্পাঞ্জলী অর্পণের মাধ্যমে দেবীর কৃপা প্রার্থনা করেন। সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল মহা অষ্টমীতে সন্ধী পূজা হবে। ধানমণ্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গোৎসব চলছে কলাবাগান খেলার মাঠে। পূজা কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন, দুর্গোৎসবের প্রথমদিন মহাষষ্ঠীতে এ মণ্ডপে প্রায় ২৫ হাজার লোক এসেছে। মহাসপ্তমীতে দর্শনার্থী সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। মঙ্গলবার সকালে মহাঅষ্টমী পূজা, পুষ্পাঞ্জলী, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় অঞ্জলী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের পূজার নিরাপত্তা ব্যবস্থাতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পূজা মণ্ডপে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র‌্যাব সদস্য আবু জাফর জানান, র‌্যাব ছাড়াও এখানে পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এছাড়া সকাল থেকেই রাজধারীর ঢাকেশ্বরী মন্দির, রমরা কালীমন্দির, রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য এলাকার মণ্ডপগুলোতে ভিড় করছেন দেবীভক্তরা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪৫০ ঘ.