সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করাসহ মোট ৩১টি ঘটনা সংগঠনের অভিযোগ এসেছে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৩ অগাস্ট ও ৪ সেপ্টেম্বর এসব অভিযোগ উত্থাপন করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটার সৈয়দ হায়দার আলী মনে করছেন, অভিযোগ গঠনের জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, যদিও সাঈদীর আইনজীবীদের দাবি, তা যথেষ্ট নয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগে বলা হয়, সাঈদী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস) আইনের ৩(২)(এ), ৩(২)(সি), ৩(২)(জি) এবং ৩(২)(এইচ) ধারার এ সব অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সাঈদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলা হয়, জামায়াতের এই নেতা এক দল লোক নিয়ে একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেন। তাদের সহায়তায় পিরোজপুরের বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ চলে।
সাঈদীর বিরুদ্ধে করা অভিযোগের মধ্যে রয়েছে- ৩ মে থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন পিরোজপুরের বাগমারা গ্রামের ভাগীরথীকে গুলি করে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়া, ৮ মে মানিক পশারী ও তার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ইব্রাহিম কুট্টিকে ধরে নিয়ে হত্যা, ২৫ মে থেকে ৩১ জুনের মধ্যে নলবুনিয়া গ্রামে আজহার আলীর বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে সাহেব আলীকে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়া, ২ জুন বিশা আলীকে নারিকেল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা।
সাঈদীর বিরুদ্ধে আরো অভিযোগ- একাত্তরের ৪ মে মধ্যম মাছিমপুর বাসস্ট্যান্ডের পেছনে জমায়েত হওয়া ২০ জন নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা, একইদিন মাছিমপুর হিন্দুপাড়ায় আক্রমণ চালিয়ে বিজয় কৃষ্ণ মিস্ত্রী, উপেন্দ্রনাথ মিস্ত্রী, সুরেন্দ্রনাথ মিস্ত্রী, মতিলাল মিস্ত্রী, যজ্ঞেশ্বর মন্ডল, সুরেন মন্ডলসহ ১৩ ব্যক্তিকে গুলি করে হত্যা, একইদিন ধোপাবাড়িরে সামনে দেবেন্দ্রনাথ মন্ডল, খগেন্দ্রনাথ, পুলিন বিহারী, মুকুন্দ বালাকে হত্যা, ৫ মে পিরোজপুরের এসডিপিও ফয়জুর রহমান আহমেদ, এসডিও মো. আব্দুর রাজ্জাক, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাঈফ মিজানুর রহমানসহ কয়েকজনকে লাইনে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা।
জামায়াত নেতার বিরুদ্ধে আরো অভিযোগ- ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ে আন্ধাকুল গ্রামের বিমল হাওলাদারের ভাই ও বাবাকে ধরে কুড়িয়ানা হাইস্কুল ক্যাম্পে নিয়ে তাদেরসহ ২৫০০/৩০০০ নিরীহ বাঙালিকে কুড়িয়ানা পেয়ারা বাগানে নিয়ে হত্যা, ২৫ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের যে কোনো এক দিন হোগলাবুনিয়া গ্রামে আক্রমণ চালিয়ে তরণী সিকদার ও তার ছেলে নির্মল সিকদার, শ্যামকান্ত সিকদার, বানীকান্ত সিকদার, হরলাল কর্মকার, মাইঠভাঙ্গারের প্রকাশ সিকদারসহ ১০ জনকে গুলি চালিয়ে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়া, ৪ মে হতে ১৬ ডিসেম্বরের মধ্যে পাড়েরহাটে আক্রমণ করে হরলাল মালাকার, অরকুমার মির্জা, তরণীকান্ত সিকদার, নন্দকুমার সিকদারসহ ১৪ হিন্দুকে রশিতে বেঁধে পাকিস্তানি সেনাছাউনীতে নিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া।
সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগগুআে উঠেছে- ১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হোগলাবুনিয়া গ্রামের মধুসুধন ঘরামীর স্ত্রী শেফালী ঘরামীকে আটক করে ধর্ষণ, ২৫ থেকে ৩০ জুনের মধ্যে উমেদপুর পাড়েরহাট বন্দরের গৌরাঙ্গ সাহার বাড়িতে হামলা চালিয়ে তার তিন বোন মহামায়া, অন্যরাণী ও কমলা রাণীকে সেনাক্যাম্পে নিয়ে ধর্ষণ, ৩ মে থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিপদ সাহার মেয়ে ভানু সাহাকে নিজ বাড়িতে আটকে নিয়মিতভাবে ধর্ষণ।
এছাড়া ২৫ থেকে ৩০ জুনের মধ্যে পাড়েরহাট বন্দরের কৃষ্ট সাহাকে হত্যার পর তার মেয়েসহ হিন্দুপাড়ার অসংখ্য নারীকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে ধর্ষণের পর, ২৫ জুন হতে ৩১ জুনের মধ্যে মধুসুদন ঘরামী, অজিত কুমার শীল, বিপদ সাহা, নারায়ন সাহা, গৌরাঙ্গ পাল, সুনীল পাল, হরিলাল, অমূল্য হাওলাদার, শান্তি রায়, জুরান, ফকির দাস, জোনা দাসসহ ১০০/১৫০ জন হিন্দুকে ধর্মান্তরে সাঈদী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষ থেকে তিনটি ভাগে উত্থাপিত অভিযোগ প্রমাণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, ড. মুহাম্মদ জাফর ইকবাল, যাদুশিল্পী জুয়েল আইচ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিকসহ ৬৮ জন সাক্ষী, জনকণ্ঠ, সমকাল, ভোরের কাগজ, আজাদসহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং একুশে টিভি ও এটিএন বাংলায় প্রচারিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে।
গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেয়। গত ৩১ মে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ৪ হাজার ৭৪ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয় তদন্ত সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১১ ঘ.
bdnews24