২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন হাসিনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন কে পাবেন সে সিদ্ধান্ত দলীয়প্রধান শেখ হাসিনাই নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন কে পাবেন সে সিদ্ধান্ত দলীয়প্রধান শেখ হাসিনাই নেবেন। নতুন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের প্রথম মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। অন্যদিকে, আওয়ামী লীগের সমর্থন চাইছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি এবং সাবেক সাংসদ শামীম ওসমান। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে আইভি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ সিটি পৌরসভার মেয়র [তখন এ পদটিকে চেয়ারম্যান বলা হতো] নির্বাচিত হন। সেসময় শামীম ওসমান দেশে ছিলেন না। ২০০১ সালের নির্বাচনের পরই শামীম ওসমান দেশের বাইরে চলে যান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফেরেন। প্রার্থীতার ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ এমপি সারাহ বেগম কবরীর সমর্থন পাচ্ছেন আইভি। অন্যদিকে নারায়াণগঞ্জ-৫ আসনের মহাজোট শরীক জাতীয় পার্টির নাসিম ওসমানের সমর্থন রয়েছে তার ভাই শামীম ওসমানের প্রতি। এই দু'প্রার্থীর মধ্যে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন তা চূড়ান্ত করতে রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবণ গণভবনে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া প্রায় দু'ঘণ্টার এই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং সেলিনা হায়াত ও শামীম ওসমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আইভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বৈঠকের বিষয়ে কোনো কথা বলবো না। যা সিদ্ধান্ত তা দলের পক্ষ থেকে জানানো হবে।" এইচ টি ইমাম বলেন, "দলীয় সভানেত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০১০০ ঘ.