নাটোর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে আখের দাম মণপ্রতি প্রায় এগার টাকা বাড়ানোর সরকারি ঘোষণা প্রত্যাখান করেছে চাষীদের সংগঠন।
রোববার বাংলাদেশ আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল এক বিবৃতিতে এ তথ্য জানান।
স¤প্রতি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আখের মূল্য মণপ্রতি ৮৩ টাকা থেকে বাড়িয়ে ৯৩ দশমিক ৫৬ টাকা নির্ধারণ করে। কিন্তু চাষীরা আখের মণপ্রতি মূল্য দেড়শ' টাকা করার দাবি জানিয়ে আসছিলো।
বাংলাদেশ আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যান্য কৃষি পণ্যের তুলনায় আখের দাম একেবারেই কম। কিন্তু এবার আখের উৎপাদন খরচ কয়েকগুণ বেড়েছে।
"সরকার দুই দফায় চিনির মূল্য কেজিপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে। সেই হিসেবে প্রতিমণ আখ থেকে যে পরিমাণ চিনি হয়, তার বর্ধিত মূল্য হয় ৪৯ টাকা। অথচ সরকার আখের দাম বাড়িয়েছে মণপ্রতি মাত্র এগার টাকা।"
পুনর্নির্ধারিত এই দামকে 'অসামঞ্জস্যপূর্ণ' উল্লেখ করে তা প্রত্যাখান করেন তিনি।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল সাংবাদিকদের জানান, আখের মূল্য বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- উৎপাদন বৃদ্ধির জন্য কারখানায় মাটি পরীক্ষার ব্যবস্থা করা, পরিবেশদূষণ রোধে কারখানার বর্জ্য নদীতে না ফেলা ইত্যাদি।
আখচাষীদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ করেন দুলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১২১ ঘ.
bdnews24