চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ রাজশাহীর উপ-সহকারী পরিচালক জামাল খাঁন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার কানসাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- শিবগঞ্জ উপজেলার জামিলপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর (৩২), কালিগঞ্জ গ্রামের মোহাম্মদ আলকেসের ছেলে মোহাম্মদ রোকন (২৩) ও কালুপুর গ্রামের বাবর আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা (৫০)।
কানসাট বাজার এলাকায় গোপালনগরে ইলিয়াস মেমোরিয়াল হাসপাতালের পাশে অস্ত্র বেচাকেনার সময় তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি করেন র্যাব কর্মকর্তা জামাল খাঁন।
তিনি বলেন, "তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।"
জামাল জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে রোববার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৫ ঘ.
bdnews24