২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে মামলাকারীকে হুমকি

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

পিরোজপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী মানিক পশারী রোববার বিকালে পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার অভিযোগের বরাত দিয়ে ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পাড়ের হাটের বাসিন্দা সাঈদীর সমর্থক হিসেবে পরিচিত মাওলানা আশরাফ মাঝি, হাবিব উল্লাহ, মাহাবুব ও রাজা শিকদার শনিবার সকাল ৮টায় মানিককে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে ওসি জানান। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ২০০৯ সালের ১২ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় যুদ্ধাপরাধের মামলা করেন মানিক পশারী। পরে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আদালতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৫ ঘ.