ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ছয় মাসের মধ্যে অভিবাসন আইন সংশোধন করবে সরকার। এজন্য তৈরি করা আইনের খসড়াটির ওপর সবার মতামত নেওয়া হচ্ছে।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এ কথা জানান।
তিনি বলেন, "মতামত নেওয়া শেষে শিগগিরই আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।"
নতুন আইন সংশোধন হলে জনশক্তি রপ্তানি খাতের যে কোনো ধরণের প্রতারণা অথবা হয়রানির কারণে সংক্ষুব্ধ ব্যক্তি স্থানীয় বিচারিক আদালতে মামলা দায়ের করতে পারবেন। বর্তমানে এ সুযোগ নেই।
সচিব জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ এ সংক্রান্ত সব কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর ইস্কাটনে প্রবাসী কল্যাণ টাওয়ারে (বর্তমানে বোরাক টাওয়ার) স্থানান্তর করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান তিনি।
অভিবাসন ব্যয় কমাতে কর্মশালা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব জাফর আহমেদ খান জানান, অভিবাসন ব্যয় কমানো এবং জনশক্তি রপ্তানিকারক ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা।
সুইজারল্যান্ড ও বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করছে। এতে ২৭টি দেশ ও ১৭টি আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ অনেকদিন ধরেই অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সরকার কোনো আপস করবে না। তবে এককভাবে বাংলাদেশের পক্ষে এ ব্যয় কমানো সম্ভব নয়।
"তাই সরকার জনশক্তি গ্রহণকারী ও প্রেরণকারী দেশগুলোকে নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে।"
সচিব জাফর আহমেদ বলেন, এতে কলম্বো প্রসেসের সদস্য ১১টি দেশসহ সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, বাহরাইন, কাতার, কুয়েত ও পর্যবেক্ষক দেশ মিলিয়ে মোট ২৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে।
এছাড়া আন্তর্জাতিক সংস্থা আইওএম, আইএলও, ইউএনএইচসিআর, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংক এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডব্লিউএআরবিই, বিএমডিএফ, ব্র্যাক, সিএআরএএম এশিয়া, আইএমএ ফাউন্ডেশন, রামরু, বায়রা ও জিএফএমডি সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও যোগ দেবেন এ কর্মশালায়।
সচিব জানান, রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার সকাল সাড়ে ৯টায় কর্মশালার উদ্বোধন করবেন। মঙ্গলবার তা শেষ হবে।
জনশক্তি রপ্তানি খাতকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে জাফর বলেন, "বাংলাদেশের জিডিপিতে বর্তমানে এ খাতের অবদান ১২ শতাংশ। সরকারি হিসেবে বিদেশে প্রায় ৬৬ লাখ জনশক্তি রয়েছে বলে দাবি করা হলেও এর সংখ্যা এক কোটির কম নয়। কারণ আনুষ্ঠানিক সম্পর্ক নেই, এমন অনেক দেশেও আমাদের কর্মীরা কাজ করছে।"
সরকারের পরিকল্পনা কমিশনের সমীক্ষা অনুযায়ী, ২০০১ সালের পর থেকে বাংলাদেশে জনশক্তি রপ্তানি ও এ খাতের আয় বেড়েছে প্রায় ৭০ শতাংশ। কিন্তু অভিবাসন ব্যয় ও কিছু সমস্যার জন্য এটা আর বাড়ানো সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৫২ ঘ.
bdnews24