কুড়িগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক মোখলেছুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আদালত বর্জন কর্মসূচি শুরু করেছে আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আইনজীবীরা আদালত বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।
গত মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধরলার সেতুর কাছে আইনজীবী সমিতির নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওকালে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি আব্দুল খালেক চাঁদ, সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন, ইদ্রিস আলী, কে এস আলী আহমেদ, রেহানা খানম বিউটি প্রমূখ।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক হাবিবুর রহমান আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪১ ঘ.
bdnews24