ঝালকাঠী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রোনালসে রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নিহত মো. সিরাজুল ইসলাম (৪৫) ঝালকাঠী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেক ব্যাপারীর ছেলে।
সিরাজুলের সহযোগী প্রত্যক্ষদর্শী শ্রমিক জুয়েল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুস সালামের মালিকানাধীন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে সিরাজুল কাজ করতে নামেন।
কিন্তু ভেতরে ঢোকার পরপরই সেপটিক ট্যাঙ্কের গ্যাসে সিরাজুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠী সদর হাসপাতালের চিকিৎসক মফিজুল ইসলাম লিটু জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
সেপটিক ট্যাঙ্কে অক্সিজেন না থাকায় এবং অন্যান্য গ্যাসের বিষক্রিয়ায় সিরাজুলের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ওসি আবুল খায়ের জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪০ ঘ.
bdnews24