২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। নতুন তারিখ রাখা হয়েছে ৯ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। নতুন তারিখ রাখা হয়েছে ৯ অক্টোবর। আসামি পক্ষের আলামত দেখার আবেদনের শুনানি শেষে রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই দিন ধার্য করেন। এছাড়া ৩ থেকে ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আসামিদের আইনজীবীরা মামলার আলামত দেখার সুযোগ পাবেন। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়। চলতি বছর ৩ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মামলার অন্যতম আসামি মুফতি আবদুল হান্নান গত ৭ এপ্রিল হাকিমের কাছে তারেক, হারিস, বাবরসহ কয়েকজনকে গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে জবানবন্দি দিলেও পরে তা প্রত্যাহারের আবেদন করেন। গত ২৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর কথা থাকলেও তা পিছিয়ে ২ অক্টোবর দিন রাখা হয়। রোববার তা আবার পিছিয়ে নতুন দিন ধার্য করেছে আদালত। রোববার শুনানির সময় বাবর ও হান্নানসহ কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। এ মামলায় একজন জামিনে এবং ১৯ জন পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪০১ ঘ.