২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার খুব ধীরে এগুচ্ছে: একে খোন্দকার

একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া খুব ধীরে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী একে খোন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া খুব ধীরে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী একে খোন্দকার। তিনি বলেছেন, "এতে বাংলাদেশের মানুষ অনেকটাই হতাশ।" দেশের মানুষ দ্রুতই তাদের বিচার চায় উল্লেখ করে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বাকি দুই বছরে শেষ করা নিয়েও 'সংশয়' প্রকাশ করেন। শনিবার সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমিতে ফোরামের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে এ কথা বলেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খোন্দকার। তিনি মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ছিলেন। কনভেনশনে ফোরামের কো-চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ এবং সদস্য সচিব সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদও তাদের বক্তব্যে বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শফিউল্লাহ বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, "এ সরকার আড়াই বছরে একটি শক্তিশালী ট্রাইবুনাল গঠন করতে পারেনি। একটি মামলাও সামনে আসেনি। আমরা কী বুঝব?" "তারা কি তাদের ওয়াদা রাখতে পারবেন?" বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন- এ কথা জামায়াতীদের অপপ্রচার উল্লেখ করে সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ বলেন, "যুদ্ধের পর সাড়ে ৩৭ হাজার জনকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে যারা সুনির্দিষ্ট সাতটি অভিযোগে অভিযুক্ত তাদের বাদ দিয়ে বাকিদের বিচার শুরু করা হয়েছিল।" "সে সময় ২৬ হাজার জন যারা সুনির্দিষ্ট সাতটি অপরাধে অভিযুক্ত নন তাদের ক্ষমা করা হয়। বাকি সাড়ে ১১ হাজার জনের বিচার চলছিল। এর মধ্যে ১৯৭৫ সালের ডিসেম্বর পর্যন্ত অনেকইে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়।" "পরে জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে সবাইকে মুক্তি দেন," যোগ করেন তিনি। শফিউল্লাহ দালাল আইন পুনরুজ্জীবন করে যারা সেসময়ে সাজাপ্রাপ্ত হয়েছিল তাদের কারারুদ্ধ করার দাবিও জানান। ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব লে. জেনারেল হারুনুর রশিদ সরকারকে সতর্ক করে বলেন, "যুদ্ধাপরাধী ও তাদের পক্ষের শক্তি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। যুদ্ধাপরাধের বিচারে যত সময়ক্ষেপণ করবেন ততই তারা আরও শক্তিশালী হয়ে উঠবে।" আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের দেড় বছর পরও একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধেও অভিযোগ গঠন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩২ ঘ.