২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় হুমকি নেই, তবু সতর্ক র‌্যাব-পুলিশ

হুমকি না থাকলেও রোববার থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজা উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকি না থাকলেও রোববার থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজা উপলক্ষে দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব ও পুলিশ। একই সঙ্গে পূজার পাঁচদিন ঢাকা জেলা প্রশাসনের অধীনে ভ্রাম্যমাণ আদালত চালু থাকবে। গোপনীয়ভাবে ভিডিও ক্যামেরা ব্যবহার করবে র‌্যাব। রাজধানীর একশ ৯৯টিসহ সারা দেশে মোট ২৮ হাজার পূজামণ্ডপে রোববার থেকে দুর্গা পূজা শুরু হচ্ছে। মণ্ডপগুলোর মধ্যে সাতটি ঝুঁকিপূর্ণ বলে পুলিশ চিহ্নিত করেছে। স¤প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এক সংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন র‌্যাব, পুলিশ, আনসার, দমকল বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা যৌথভাবে নিরাপত্তার বিষয়টি দেখবেন। সাদা পোশাকের পুলিশও কাজ করছে বলে জানান তিনি। নিরাপত্তার জন্য যা প্রয়োজন সে পরিমান পুলিশ সদস্য কাজ করছে এবং প্রয়োজন হলে আরো বাড়ানো হবে এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন পুলিশ কমিশনার। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়েসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পূজামণ্ডপগুলোতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে এই ধর্মীয় অনুষ্ঠান শেষ করাই তাদের মূল উদ্দেশ্যে। রাজধানী কেন, দেশের কোথাও কোনো ধরণের হুমকি নেই- এ কথা জানিয়ে মহাপরিচালক বলেন, "হুমকি নেই সত্য, কিন্তু আমরা সর্তক আছি। কেননা মণ্ডপগুলোতে প্রচুর লোকের সমাগম হবে। এতে অহেতুক কোন ঘটনা যেন না ঘটে সেজন্য সর্বচ্চো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।" এদিকে ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তার বিষয়ে ইতিপূর্বে পুলিশ কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, যে সব মণ্ডপে অতিরিক্ত ভক্তের সমাগম হবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন সেসব পূজা মণ্ডপগুলোকে ঝুঁকিপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্য মণ্ডপের চেয়ে এসব মণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এসএম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূজা উপলক্ষে ঢাকা জেলার অধীন উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মহানগরীর ব্যাপারে রোববার সিদ্ধান্ত হতে পারে।" র‌্যাবের নির্দিষ্ট দুইটি ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনে পূজা উপলক্ষে কাজ করবে বলে জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এবং বনানী মাঠে স্থাপিত পূজা মণ্ডপে মহানগর পুলিশের পক্ষ থেকে ২০ করে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।" এ ব্যাপারে মহানগর সার্বজনিন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু চন্দ্র দেব নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার জানা মতো রাজধানীতে ওই দুইটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। উদযাপন কমিটির কেউ নিজ উদ্যেগে কোথাও ক্যামেরা বসায়নি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যমেরা দেওয়া হলেও র‌্যাব কোনো ক্যামেরা দিয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা সোহায়েল বলেন, "সিসি ক্যামেরা দেওয়া না হলেও র‌্যাবের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে গোপন ভিডিও ক্যামেরা ব্যবহার করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/১৯৫৯ ঘ.