ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হোসেনকে অপসারণের দাবি জানিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' নামে একটি সংগঠন।
পাশাপাশি নভেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিসিএস এ ভর্তি পরীক্ষার আবেদনে বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানানো হয়েছে। বর্তমানে এ বয়সসীমা ৩০ বছর
শনিবার ঢাকা রির্পোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ বিসিএসের ঘোষণা দিয়েছিলো। কিন্তু ড. সা'দত এবং তার অনুগামী সদস্যরা সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
"প্রশাসনের সাধারণ ক্যাডার পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, কর ইত্যাদিতে তারা (পিএসসি) মুক্তযোদ্ধার কোটা না রেখে চেষ্টা করছে টেকনিক্যাল ক্যাডার অর্থাৎ চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষক ইত্যাদিতে নিয়োগ দেওয়ার।"
এতে মূল প্রশাসনে মুক্তিযুদ্ধবিরোধী পক্ষকে বসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, পিএসসি সুকৌশলে মুক্তিযোদ্ধা কোটায় আদিবাসি এবং নারী কোটার অনুপ্রবেশ ঘটাতে চাচ্ছে যা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চরম অবমাননাকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৯০১ ঘ.
bdnews24