চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে এবং তাতে জনগণকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
তিনি শনিবার চট্টগ্রামে এক কর্মশালায় বলেন, দেশের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা দরকার।
"আমরা সবকিছুই স্বল্পমেয়াদে চিন্তা করি। দীর্ঘমেয়াদে ভাবি না। শুধু ভাবি, কীভাবে হাততালি পাওয়া যাবে," বলেন আকবর আলি।
সামগ্রিক উন্নয়নে রাজনীতি ও প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন অবসরপ্রাপ্ত এ সচিব।
উন্নয়নের জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে আকবর আলি বলেন, "অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ও জনগণের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া দরকার। জনগণের সাথে আলোচনা না করলে তা কখনোই ফলপ্রসূ হবে না।"
কাজীর দেউরির ব্র্যাক সেন্টারে পাওয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও চিটাগং রিসার্চ ইনিসিয়েটিভ 'গণমাধ্যমের সক্ষমতা উন্নয়ন' শীর্ষক এ কর্মশালা আয়োজন করে।
চট্টগ্রামের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিক এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম প্রেসক্লাব ও এ কে খান ফাউন্ডেশন।
আকবর আলি বলেন, বিশ্বায়নের ফলে বিশ্ব ছোট গ্রামে পরিণত হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় শক্তিগুলো ক্রমেই প্রবল হয়ে উঠছে। এতে বিশ্বে দেশ ভেঙে দেশের সংখ্যা বাড়ছে। বিশ্বায়ন ও শেকড়ের টানের মধ্যে প্রবল সংঘর্ষ হচ্ছে।
বাংলাদেশে জমির দাম বাড়ার দিকে দৃষ্টি দিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, "এমন পরিস্থিতি হয়েছে জমির দাম কোথায় গিয়ে ঠেকবে তা আমরা জানি না। ভূমি ব্যবস্থাপনা নিয়ে না ভাবলে এর খেসারত আমাদের দিতে হবে।"
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বন্দরনগরীকে একটি বিশ্বমানের নগরীতে পরিণত করতে এখানে ভালো মানের বিদ্যালয় ও হাসপাতাল থাকতে হবে।
"সরকারের একার উদ্যোগে তা কখনো সম্ভব নয়। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বয় সাধন করেই সরকারকে উন্নয়ন কাজ করতে হয়। সুতরাং চট্টগ্রামের উন্নয়নের জন্য এলাকার মানুষ বিশেষ করে ধনী মানুষদের এগিয়ে আসতে হবে," বলেন আকবর আলি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়নে কখনো বিকেন্দ্রীকরণ হয়নি। ঢাকাকেন্দ্রিক উন্নয়ন করে কখনো একটি দেশের সামগ্রিক উন্নয়ন ঘটানো যায় না।
চট্টগ্রামের অবকাঠামোগত সমস্যা বিশ্বমানের নগরীতে পরিণত করতে একটি বড় বাধা বলে মনে করেন তিনি।
পিপিআরসি'র কর্ণধার, সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রামের উন্নয়নে শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্নের মানেরও উন্নয়ন দরকার, প্রয়োজন চিন্তার সাহসের উল্লম্ফন।
এক জন ডেপুটি গভর্নরকে প্রধান করে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের একটি কার্যকর শাখা, জয়েন্ট স্টক কোম্পানির একটি শাখা প্রতিষ্ঠাসহ আটটি সুপারিশ তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আতাউস সামাদ, এ কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ সালাহ উদ্দিন কাশেম খান, যুক্তরাষ্ট্রপ্রবাসী নগর পরিকল্পনাবিদ আদনান মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশেদ রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24