২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিক্যালের ভুয়া প্রশ্ন, চিকিৎসক-শিক্ষকসহ ২১ জন কারাগারে

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২১ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসকসহ ২১ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এরফানউল্লাহ আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভোরে শেরেবাংলা নগর থানায় র‌্যাব-২ এর সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই থানার ওসি জিয়াউজ্জামান। শুক্রবার সারাদেশে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হয়। র‌্যাব-২ কর্মকর্তা সাইফুল করিম সাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগের রাতে (বৃহস্পতিবার) ভুয়া প্রশ্নপত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয় অরিন্দম হাওলাদার নামে আরেক যুবককে।" সাইফ জানান, গ্রেপ্তার ২১ জনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন শিক্ষক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এবং একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। র‌্যাব কর্মকর্তারা জানান, ২০ জনের কাছ থেকে আট লাখ টাকাও উদ্ধার করা হয় এবং অরিন্দম হাওলাদারের কাছে পাওয়া যায় দুই লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের কাছে যে প্রশ্নপত্র পাওয়া গেছে, তার সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল নেই বলে র‌্যাব কর্মকর্তা সাইফ জানান। তিনি বলেন, "এই প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলো।" গ্রেপ্তারকৃতরা হলেন, তারিকুল ইসলাম (ব্যবসায়ী), ফিরোজুল হাসান (জাবি শিক্ষক), জসিম উদ্দীন (ব্যবসায়ী), আনিছুল ইসলাম (কলেজ শিক্ষক), তৌহিদুল ইসলাম (কলেজ ছাত্র), মানষ দেব (হাসপাতাল ম্যানেজার), মঞ্জুর আলম (ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক), জুয়েল আহমেদ (ব্যাংকার), আশরাফুল আলম (ব্যাংক কর্মকর্তা), এমিল (ঢাবি ছাত্র), নুরুন্নবী তেজ (ব্যবসায়ী), আমিনুল ইসলাম (প্রভাষক), শহিদুজ্জামান শাহেদ (মেডিকেল ছাত্র), তানভীর আহম্মেদ সিদ্দিক (ব্যবসায়ী), শহীদুল ইসলাম সূজন (ব্যবসায়ী), তাজমুল পারভেজ (ছাত্র), মোতাহার হোসেন (ব্যবসায়ী), হাবিবুর রহমান (ব্যবসায়ী), লিয়ন (ছাত্র), তৌহিদুল ইসলাম রাজু (চাকরিজীবী) ও অরিন্দম হাওলাদার। শুক্রবার সকালে সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা ঠিকভাবে হয়েছে বলে সাংবাদিকদের বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ। প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর এ পরীক্ষা নির্বিঘেœ শেষ করার ওপর গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এতে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকও সম্পৃক্ত হন। এ পরীক্ষা হওয়ার কথা ছিলো গত ২৩ সেপ্টেম্বর। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩৬ ঘ.