২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

কুড়িগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। শনিবার ভোর রাতে উপজেলার বামনের চর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহির উদ্দিনের (৪০) মৃত্যু হয় বলে পুলিশ জানায়। নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, গ্রামের একটি জমি নিয়ে জমির আলী ও ছমির আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার ভোর ৬টার দিকে ছমির আলীর লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে চাইলে জমিরের লোকজন বাধা দেয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মহির ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ১২ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রৌমারী থানার ওসি জাকির হোসেন সাংবাদিকদের জানান, নিহতের ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুপুর পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- জেরাদ আলী (২৪), আবুল কালাম আজাদ (৪২), মাঈদুল ইসলাম (২৫), ফুল চাঁদ (৩৫), ফজল উদ্দিন (৪৫), ফুল মিয়া (৩০), আব্দুল কাইয়ুম (৩৫), ওমেদ আলী (২৫), রাশেদা খাতুন (৩৪), বানীমন নেছা (৫০) ও লাভলী বেগম (৩৫)। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৩ ঘ.