২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবোচরে আটকা ফেরি রামশ্রী উদ্ধার

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের নাওডোবা টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়া ডাম্পফেরি রামশ্রী সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌপথের নাওডোবা টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়া ডাম্পফেরি রামশ্রী সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা-বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯০ বিকাল ৪টায় রামশ্রী উদ্ধার করে। নাব্য সঙ্কটের কারণে ফেরিটি মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে শনিবার বেলা ১১টায় ডুবোচরে আটকে যায়। সিরাজুল বলেন, রামশ্রী আটকে যাওয়াতে দুর্ভোগে পড়েছিলো ২৩টি বিভিন্ন ধরনের যানের প্রায় পাঁচ শতাধিক যাত্রী। পরে মাওয়া থেকে ফেরি উদ্ধারকারী জাহাজ এসে রামশ্রীকে উদ্ধার করে বলে জানান সিরাজুল। এর আগে গত ১০ সেপ্টেম্বর এ রুটের হাজরা টার্নিংয়ে ছয় ঘণ্টা আটকে ছিলো রামশ্রী। এছাড়া ঈদুল ফিতরের দুদিন আগে ২৯ অগাস্ট থেকে হাজরা চ্যানেলে ছয় দিন ডুবোচরে আটকে ছিলো ফেরিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/সিএস/১৭৪৪ ঘ.