ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী হত্যা মামলায় একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত নাজিমউদ্দিন হিরণ (৩০) ফরহাদ খাঁর ভাগ্নে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে।"
হিরণের বিরুদ্ধে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি বলে জানান তিনি।
অবশ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে, হিরণ ছাড়া আরো এক হত্যাকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছে হত্যার রাতে বাড়ি থেকে লুট হওয়া কিছু টাকাও পাওয়া গেছে।
এর আগে রোববার রাতে মিরপুর-১ থেকে ফরহাদ খাঁয়ের ব্যবহৃত সিমকার্ডটি উদ্ধার করে পুলিশ। সে সময় শফিকুল ইসলাম সুজন (১৮) নামের এক কিশোরকে আটক করা হয়।
শুক্রবার বিকালে ৭৭, নয়া পল্টনের বাসা থেকে ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই এর সঙ্গে নিহতদের স্বজনরা জড়িত থাকতে পারেন- পুলিশ এমন ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএল/২৩১৫ ঘ.
bdnews24