২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ'ইশারা ভাষা দিবস' প্রস্তাব আটকে আছে আট মাস

রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব আট মাসেও অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

জান্নাতুল ফেরদাউস ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব আট মাসেও অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস পালনের প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১০ সালের ২৬ মে প্রথমবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর ২৬ ডিসেম্বর ওই বিভাগকে এ বিষয়টি অনুমোদন দেওয়ার অনুরোধ করা হয়। তবে আটমাস ধরে তা একই অবস্থায় রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে প্রায় ২৬ লাখ শ্রবণ প্রতিবন্ধী নাগরিক রয়েছেন। একাধিক দিনে জাতীয় ইশারা ভাষা দিবস পালন করে থাকে বিশ্বের বিভিন্ন দেশ। সোসাইটি অব দ্য ডিফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) সমন্বয়কারী শান্তনু দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আট মাস ধরে আমলাতান্ত্রিক জটিলতায় এ বিষয়টি ঝুলে থাকা খুবই দুঃখজনক।" সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মীর্জা তারিক হিকমত বলেন, "ইশারা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে পালনের অনুমতি চেয়ে মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ সংক্রান্ত নথি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ বিভাগের অনুমতি পেলেই রাষ্ট্রীয়ভাবে এ দিবস পালন করা যাবে।" ইশারা ভাষা ব্যবহারকারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের যোগাযোগের একমাত্র সহায়ক ভাষা ইশারা ভাষা। শ্রবণ প্রতিবন্ধীতার কারণে এরা কথ্য ভাষায় যোগাযোগ করতে পারেন না। এ ছাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীরাও এই ভাষায় যোগাযোগে স্বাচ্ছন্দ বোধ করে। সব সরকারি-বেসরকারি গণমাধ্যমের প্রধান সংবাদে ইশারা ভাষা উপস্থাপনের সরকারি নির্দেশ রয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে এ নির্দেশ দেন। এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রধান সংবাদের সঙ্গে এ ভাষায় সংবাদ প্রচার করছে। সরকারি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতেও শিক্ষকদের এ ভাষা জানা অত্যাবশ্যক করার দাবি জানিয়ে আসছে সংগঠনগুলো। ২০০৯ সালের ৩০ অক্টোবর এক মতবিনিময় সভায় প্রথম এ ভাষাকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ওঠে। এরপর ২০১০ সালের ১৮ জানুয়ারি এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়। শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার সম্পর্কে তাদের জানানোর জন্য জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ (সিআরপিডি) বাংলা ইশারা ভাষায় প্রথমবারের মতো রূপান্তর করেছে এসডিএসএল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাইফুল মালেক বলেন, "রাষ্ট্রীয়ভাবে এ ভাষার স্বীকৃতি জরুরি। কারণ এটা তাদের অধিকার। এছাড়াও সরকারের প্রতিশ্র"তি অনুযায়ী যদি ২০১৪ সালের মধ্যেই সকল শিশুকে স্কুলগামী করতে হয় তাহলে স্কুলগুলোতেও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য এ ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রাখতে হবে।" রাষ্ট্রীয়ভাবে এ ভাষা স্বীকৃতি না পেলে শ্রবণ প্রতিবন্ধীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন সাইফুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/পিডি/২০৩৩ ঘ.