রংপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের হাতাহাতি ও সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় উন্নয়ন কর্মমূচির অর্থ ছাড় করা নিয়ে পীরগাছা উপজেলার চেয়ারম্যান আবু নাছের শাহ মো. মাহবুব রহমানের সঙ্গে সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফছার আলীর কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে আফছার আলী বিভিন্ন উন্নয়ন কর্মমূচির অর্থ ছাড় না করার জন্য মাহবুব রহমানকে দায়ী করেন। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে মাহবুব রহমান ইউপি চেয়ারম্যানদের চোর অখ্যায়িত করলে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় সভায় উপস্থিত অন্য ইউপি চেয়ারম্যানরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে বার্ষিক সভা পণ্ড হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন।"
আহত ইউপি চেয়ারম্যানরা হলেন- ছাওলা ইউনিয়ন পরিষদের নজির হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান আফছার আলী। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা উপজেলা পরিষদ চত্তরে মুখোমুখি অবস্থান নেয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব রহমান অভিযোগ করেন, আফছার আলী সভা ভণ্ডুলের জন্য পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউপি চেয়ারম্যানরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ নিয়ে এর আগেও অনিয়ম করেছেন।"
অন্যদিকে আফছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্ষিক কর্মসূচির অর্থ আটকে রাখার অভিযোগ করলে ইউপি চেয়ারম্যানদের চোর বলেন মাহবুব। চেয়ারম্যানরা এর প্রতিবাদ জানিয়েছে।"
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ বলছেন, সভার সিদ্ধান্ত পড়া শেষ হওয়ার আগেই আফছার আলী কথা বলতে গেলে এ ঘটনা ঘটে।
অন্যদিকে কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও কৈকুড়ি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৮৩৪ ঘ.
bdnews24