ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- রাজধানীতে সস্ত্রীক সাংবাদিক হত্যার ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িতদের শনাক্ত করায় কিশোরটি ভূমিকা রাখবে বলে আশা করছে পুলিশ।
শফিকুল ইসলাম সুজন (১৮) নামে ওই কিশোরকে রোববার গভীর রাতে মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে আটক করা হয়। সেখানে ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টার নামে একটি মোবাইল ফোন সারাইয়ের দোকানে কাজ করেন সুজন।
রাজধানীর নয়াপল্টনের ৭৭ নম্বর বাসা থেকে ফরহাদ খাঁ (৬০) ও তার স্ত্রী রহিমা খাঁয়ের (৫৫) রক্তাক্ত লাশ শুক্রবার বিকালে উদ্ধার করে পুলিশ। ফরহাদ দৈনিক জনতার সহ সম্পাদক ছিলেন।
সুজনের উদ্ধৃতি দিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দোকানে দুজন লোক একটি মোবাইল ফোন বিক্রি করতে এলে সেটি কিনতে রাজি হয়নি সুজন। পরে তাকে তারা মোবাইলের সিমটি খুলে দিতে বলে। এরপর সিমটি না নিয়েই তারা চলে যায়।
হত্যাকাণ্ডের কয়েকদিনের মধ্যেই তারা মোবাইল ফোনটি বিক্রি করতে যায় জানিয়ে ওসি বলেন, "সেটি ছিলো ফরহাদ খানের মোবাইল।
"ওই সিমটি অন্য মোবাইলে ঢুকিয়ে সুজন বুঝতে পারে এতে অব্যবহৃত এয়ারটাইম আছে। এরপর সে সেটি ব্যবহার করতে থাকে।"
ওই সিম ট্র্যাক করে সুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি শহিদুল।
তিনি বলেন, "ওই লোকেরা হত্যাকাণ্ডে জড়িত হয়ে থাকলে তাদের শনাক্ত করার ক্ষেত্রে সাহায্য করতে পারবে সুজন।"
ওসি জানান, সুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৪২১ ঘ.
bdnews24