২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রো রেলরুটে পরিবর্তন এসেছে: মন্ত্রী

ঢাকায় প্রস্তাবিত মেট্রো রেল রুটে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় প্রস্তাবিত মেট্রো রেল রুটে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় র্কর্তৃপক্ষের আপত্তির কারণে রুটে এ পরিবর্তন আনা হয়েছে।" ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) কর্মকর্তা সালেহউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত রেলপথের রুট ছাত্রীনিবাস রোকেয়া হল সংলগ্ন হওয়ায় এতে আপত্তি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে জানানো হয়, মেট্রো রেলের আগের প্রস্তাবিত রুটে উত্তরা থেকে জাহাঙ্গীর গেট, ফার্মগেট, শাহবাগ, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলিস্তান হয়ে সায়েদাবাদ পর্যন্ত রুট নির্দিষ্ট ছিল। পরিবর্তিত রুট অনুযায়ী মেট্রো রেলপথ টিএসসি থেকে শহীদ মিনার ও ঢাকা মেডিক্যালের পরিবর্তে টিএসসি থেকে বাংলা একাডেমীর সামনে দিয়ে তিন নেতার মাজার ও দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাবে সংযুক্ত হবে। প্রেসক্লাবের সামনে দিয়ে মতিঝিল, শাপলা চত্বর, গোলাপবাগ হয়ে যাবে সায়েদাবাদ পর্যন্ত। মেট্রো রেলের জন্য ২১ দশমিক ৫০ কিলোমিটার প্রস্তাবিত এ রুটের শাপলা চত্বর থেকে গোলাপবাগ পর্যন্ত এক দশমিক ৮০ কিলোমিটার হবে মাটির নিচে দিয়ে (আন্ডারগ্রাউন্ড)। গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের কারণে এ অংশটুকু মাটির নিচে দিয়ে করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। মন্ত্রী জানান, আগামী বছরের মধ্যেই মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হবে। দু'সপ্তাহের মধ্যে প্রস্তাবিত রুট অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান সৈয়দ আবুল হোসেন। মার্চের মধ্যে সংশোধিত রুটের নতুন অংশের সম্ভাব্যতা যাচাই শেষে শুরু হবে প্রকল্পের বাস্তবায়ন কাজ। জাইকার সফররত প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন টোকিও সদর দপ্তরের পরিচালক তোমোহিদে ইচিগুচি। মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠকে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও ডিটিসিবি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের অর্থ সহযোগিতা কী পদ্ধতিতে হবে- এ প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, "এটা সহজ শর্তে ঋণ (সফট লোন) অথবা মঞ্জুরি সহায়তা (গ্রান্ট) থেকে হতে পারে। তারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৩৫৯ ঘ.