২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা স্তম্ভ বিশেষজ্ঞ কমিটিপ্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ৬ জনের পদত্যাগ

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের বিশেষজ্ঞ কমিটি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কমিটির ৬ সদস্য পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের বিশেষজ্ঞ কমিটি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কমিটির ৬ সদস্য পদত্যাগ করেছেন। প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের ওই বক্তব্য একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। রোববার এক ফ্যাক্স বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশেষজ্ঞ কমিটির সদস্য ড. জামিলুর রেজা চৌধুরী, সামসুল ওয়ারেস, হাশেম খান, মোবাশ্বের হোসেন, রবিউল হুসাইন ও ড. মুনতাসির মামুন। ফ্যাক্স বার্তায় বলা হয়, 'বিশেষজ্ঞ কমিটির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীণতা স্তম্ভের প্রকল্প ঝুলে যায়' শিরোনামে গত ২৩ জানুয়ারি দৈনিক আমাদের সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়, ওই প্রতিবেদনে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, 'আমলাতন্ত্র যদি লাল ফিতায় বন্দি হয় তাহলে বিশেষজ্ঞ কমিটি লৌহ শৃঙ্খলে বাঁধা। বিশেষজ্ঞ কমিটির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের প্রকল্প ঝুলে যায়।' প্রতিবেদনে প্রতিমন্ত্রী আরো মন্তব্য করেন, 'বিশেষজ্ঞ কমিটিতে যারা ঠাঁই পান তারা কোনো বিষয়ে একমত হতে পারেন না। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। যেমন তাদের মধ্যে ঈর্ষা ব্যাপকভাবে কাজ কওে, যা কোনো শুভ উদ্যোগকে ব্যহত করে। এতটাই মর্যাদা সচেতন যে, কার আগে কার নাম থাকলো-এ নিয়ে তারা গাল ফুলিয়ে গোস্বা করে বসে থাকেন। দুর্নাম হয় সরকারের, মন্ত্রী হন সমালোচিত। মানুষকে তো আর ডেকে দেখানো যায় না বিশেষজ্ঞদের বিশেষ আচরণ। এটা দুঃখজনক।' ফ্যাক্স বার্তায় বিশেষজ্ঞ কমিটির ৬ জনের যুক্ত বিবৃতিতে বলা হয়, 'প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কোনটিই সত্য নয় বরং কল্পনাপ্রসূত এবং অন্যায়ভাবে সমস্ত দায় বিশেষজ্ঞ কমিটির ওপর চাপানো হয়েছে। এ প্রকল্পের শুরু থেকে জড়িত থাকলেও তারা কোন বিশেষজ্ঞ ফি গ্রহণ করেননি।' আরো বলা হয়, 'বিশেষজ্ঞরা গত দুই বছর প্রতিটি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে পরামর্শ দিয়েছেন। বারবার তাগাদা দেওয়া স্বত্বেও (যা বিশেষজ্ঞদেও দায়িত্ব নয়) মন্ত্রণালয়গুলির দ্বন্দ্ব ও সমন্বয়ের অভাবে কোন কাজই এগোয়নি। কাজ ত্বরান্বিত করার জন্য প্রতিমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্র"তি দিলেও তা বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।' 'পরিকল্পনা কার্যকর করার দায়িত্ব মন্ত্রী ও তাঁর কর্মকর্তাদের, যা তারা বিস্মৃত হয়েছেন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বিশেষজ্ঞ কমিটির কো-চেয়ারম্যান এ পর্যন্ত ৯টি সভার মাত্র দুই-তিনটিতে উপস্থিত ছিলেন।' বিবৃতিতে দু:খ প্রকাশ করে বলা হয়, 'গত চার দশকে তারা নিজ নিজ ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রে অনেক কাজ করেছেন কিন্তু কেউ এ ভাষায় অসত্য অপবাদ দেননি।' প্রতিমন্ত্রীকে আর লৌহ শৃঙ্খলে আবদ্ধ থাকতে হবে না এবং তিনি তার কথামতো আগামী ৭ মার্চ স্বাধীনতা স্তম্ভ দেশবাসীর জন্য উম্মুক্ত করে দেবেন বলে কমিটির পদত্যাগকারী সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকাশিত সংবাদটি আমি পড়েছি। তবে বিশেষজ্ঞ কমিটির মনে কষ্ট পাওয়ার মত কোন বক্তব্য আমি দিইনি।" কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন কিনা তা জানেন না উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, "এ ব্যাপারে কোন পত্র এখনো মন্ত্রণালয়ে আসেনি।" ড. মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সচিবের কাছে এ পদত্যাগপত্র দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২০৪০ ঘ.